Banner

ইন্টারমিটেন্ট ফাস্টিং: উপকারিতা, সীমাবদ্ধতা ও আরও কিছু কথা

HealthWellnessNutritionDietFasting
Published on February 4, 2026
👁 72 views
ইন্টারমিটেন্ট ফাস্টিং: উপকারিতা, সীমাবদ্ধতা ও আরও কিছু কথা

ইন্টারমিটেন্ট ফাস্টিং: উপকারিতা, সীমাবদ্ধতা ও আরও কিছু কথা

ইন্টারমিটেন্ট ফাস্টিং (IF) হলো নির্দিষ্ট সময় ধরে খাওয়া এবং উপবাসের একটি চক্র। এটি শুধুমাত্র একটি ডায়েট নয়, বরং শরীরকে বোঝার এবং সচেতনভাবে জীবনযাপন করার একটি পদ্ধতি। সম্ভাব্য স্বাস্থ্যগত উপকারিতার কারণে আজকাল এই খাদ্যাভ্যাসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই লেখায় ইন্টারমিটেন্ট ফাস্টিং-এর উপকারিতা, সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় বিষয়গুলো সহজভাবে আলোচনা করা হয়েছে।

১. ইন্টারমিটেন্ট ফাস্টিং-এর উপকারিতা

ওজন ও অতিরিক্ত চর্বি কমানো

ইন্টারমিটেন্ট ফাস্টিং ক্যালোরি গ্রহণ স্বাভাবিকভাবেই কমাতে সাহায্য করে। উপবাসের সময় শরীর শক্তির জন্য সঞ্চিত চর্বি ব্যবহার করে, ফলে শরীরের ফ্যাট পারসেন্টেজ কমতে পারে।

উদাহরণ: ১৬/৮ পদ্ধতিতে একজন ব্যক্তি ১৬ ঘণ্টা উপবাস রাখেন এবং ৮ ঘণ্টার মধ্যে খাবার গ্রহণ করেন। যেমন—সকালে নাস্তা বাদ দিয়ে দুপুর ১২টায় প্রথম খাবার এবং রাত ৮টার মধ্যে শেষ খাবার। এই অভ্যাস সময়ের সাথে ওজন কমাতে সাহায্য করে।

ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি

ইন্টারমিটেন্ট ফাস্টিং ইনসুলিনের মাত্রা কমাতে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়ক। এর ফলে শরীর রক্তে শর্করার মাত্রা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে।

উদাহরণ: গবেষণায় দেখা গেছে, অল্টারনেট-ডে ফাস্টিং (একদিন স্বাভাবিক খাওয়া, পরদিন উপবাস) অতিরিক্ত ওজনের প্রাপ্তবয়স্কদের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করেছে।

কোষের মেরামত প্রক্রিয়া

উপবাস চলাকালীন শরীরে অটোফ্যাজি নামক একটি প্রাকৃতিক প্রক্রিয়া সক্রিয় হয়, যেখানে শরীর নিজেই ক্ষতিগ্রস্ত কোষ ও অপ্রয়োজনীয় উপাদান পরিষ্কার করে।

উদাহরণ: এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রোটিন ও কোষীয় অঙ্গাণু দূর হয়, যা ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

প্রদাহ কমানো

দীর্ঘস্থায়ী প্রদাহ অনেক গুরুতর রোগের মূল কারণ। ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরের প্রদাহজনিত উপাদান কমাতে সহায়তা করতে পারে।

উদাহরণ: গবেষণায় দেখা গেছে, এই পদ্ধতি প্রদাহজনিত সাইটোকাইনের মাত্রা হ্রাস করতে সক্ষম।

হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নতি

উপবাস রক্তচাপ, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

উদাহরণ: ইন্টারমিটেন্ট ফাস্টিং অনুসরণকারীদের LDL কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে দেখা গেছে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি

ইন্টারমিটেন্ট ফাস্টিং মস্তিষ্কের জন্যও উপকারী। এটি অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং BDNF নামক প্রোটিনের উৎপাদন বাড়ায়, যা স্নায়ুকোষের স্বাস্থ্য রক্ষা করে।

উদাহরণ: প্রাণী গবেষণায় দেখা গেছে, BDNF বৃদ্ধি পেলে স্মৃতিশক্তি উন্নত হয় এবং আলঝাইমারের মতো রোগের ঝুঁকি কমে।

দীর্ঘায়ুর সম্ভাবনা

কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া যায় যে ইন্টারমিটেন্ট ফাস্টিং আয়ু বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

উদাহরণ: প্রাণী পরীক্ষায় নির্দিষ্ট প্রজাতির জীবনকাল বৃদ্ধি পেয়েছে; মানুষের ক্ষেত্রে গবেষণা এখনো চলমান।

সহজ ও সময় সাশ্রয়ী

কম খাবার পরিকল্পনা, কম রান্না—এই খাদ্যাভ্যাস জীবনকে সহজ করে তোলে।

উদাহরণ: ১৬/৮ পদ্ধতিতে দিনে মাত্র ৮ ঘণ্টার খাবার পরিকল্পনাই যথেষ্ট।

দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস

রক্তে শর্করা নিয়ন্ত্রণ, কম প্রদাহ এবং ভালো হৃদস্বাস্থ্য—সব মিলিয়ে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমতে পারে।

হরমোনগত উপকারিতা

উপবাস নরএপিনেফ্রিন ও হিউম্যান গ্রোথ হরমোন (HGH) বৃদ্ধি করে, যা চর্বি পোড়ানো ও পেশি সংরক্ষণে সহায়ক।

উদাহরণ: স্বল্পমেয়াদি উপবাসে HGH-এর মাত্রা পাঁচ গুণ পর্যন্ত বাড়তে পারে।

২. সীমাবদ্ধতা ও বিবেচ্য বিষয়

ক্ষুধা ও খাবারের প্রতি আকর্ষণ

শুরুতে ক্ষুধা ও লোভ সামলানো কঠিন হতে পারে, বিশেষ করে নতুনদের জন্য।

পুষ্টির ঘাটতির ঝুঁকি

সঠিক পরিকল্পনা না করলে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি হতে পারে।

সামাজিক ও জীবনযাত্রার সমস্যা

সামাজিক অনুষ্ঠান বা ব্যস্ত সময়সূচির সাথে মানিয়ে নেওয়া অনেক সময় কঠিন হয়।

অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা

খাওয়ার সময় বেশি খেয়ে ফেললে উপকারের বদলে ক্ষতি হতে পারে।

সবার জন্য উপযুক্ত নয়

গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা অথবা ইটিং ডিসঅর্ডারের ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের জন্য এটি উপযুক্ত নাও হতে পারে।

৩. প্রচলিত ইন্টারমিটেন্ট ফাস্টিং পদ্ধতি

১৬/৮ পদ্ধতি

১৬ ঘণ্টা উপবাস এবং ৮ ঘণ্টার মধ্যে খাবার।

৫:২ ডায়েট

৫ দিন স্বাভাবিক খাবার, ২ দিন ৫০০–৬০০ ক্যালোরি।

ইট-স্টপ-ইট

সপ্তাহে ১–২ দিন ২৪ ঘণ্টা উপবাস।

অল্টারনেট-ডে ফাস্টিং

একদিন খাওয়া, একদিন উপবাস।

৪. শুরু করার টিপস

  • ধীরে শুরু করুন: অল্প সময়ের উপবাস দিয়ে শুরু করুন।
  • পর্যাপ্ত জল পান করুন: পানি ও ক্যালোরি-মুক্ত পানীয় পান করুন।
  • পুষ্টিকর খাবার খান: সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবারে জোর দিন।
  • শরীরের কথা শুনুন: ক্ষুধা ও তৃপ্তির সংকেত বুঝুন।
  • সহায়তা নিন: প্রয়োজনে কমিউনিটি বা সঙ্গী খুঁজুন।

৫. পুষ্টিগত বিষয়

  • সুষম খাদ্য: বিভিন্ন ধরনের খাবার অন্তর্ভুক্ত করুন।
  • প্রোটিন গ্রহণ: পেশি রক্ষার জন্য পর্যাপ্ত প্রোটিন নিন।
  • স্বাস্থ্যকর চর্বি: বাদাম, অলিভ অয়েল, অ্যাভোকাডো।
  • আঁশ: হজম ও তৃপ্তির জন্য ফাইবারসমৃদ্ধ খাবার।

৬. কারা ইন্টারমিটেন্ট ফাস্টিং এড়িয়ে চলবেন

  • গর্ভবতী বা স্তন্যদানকারী নারী
  • ইটিং ডিসঅর্ডারে ভুগছেন এমন ব্যক্তি
  • দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি
  • শিশু ও কিশোর-কিশোরী

নোট: ইন্টারমিটেন্ট ফাস্টিং উপকারী হতে পারে, তবে এটি সবার জন্য নয়। শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


Authored By Revanth Pasupuleti

Translated By Susmita Bhattacharya

Revanth Pasupuleti

Revanth Pasupuleti

Health Contributor at UltimateHealth

Read Full Article in UltimateHealth App

Access multilingual insights, full content & verified contributors inside the app.

Download Now